জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেট।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে আমানগন্ডা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাবুচি পাড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি খলিলুর রহমান, তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি মাদকবিরোধী কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে
এসআর