[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাঙ্গামাটিতে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন ২০২৬ ৪:০০ পিএম

সংগৃহীত ছবি

রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকায় নিজ বাসা থেকে সাজেদুল হক (৪২) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) রাতে পারিবারিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হয়। পরে তিনি নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশ রাত পৌনে ১টার দিকে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কর্মকর্তা তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও মো. জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে কর্তব্যরত অবস্থায় থাকা এক পুলিশ কর্মকর্তার এমন অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর