[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটারে তীব্র যানজট, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ১০:৫০ এএম

সংগৃহীত ছবি

বৃষ্টি এবং সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ার কারণে ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়

 থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী কয়েক হাজার মানুষ।

গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার অধিকাংশ শিল্পকারখানা ছুটি হওয়ায় সকাল থেকেই চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দেয় এবং হাইওয়ে পুলিশের তথ্যমতে, গাজীপুরের প্রায় ৩০ লাখ মানুষ ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, অতি বৃষ্টি, অতিরিক্ত যানবাহন ও সড়ক ছোট থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে গাজীপুর অংশে জটলা অনেকটাই কমে এসেছে।

অন্যদিকে টাঙ্গাইলের গোড়াই থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত উত্তরাঞ্চলমুখী তিন লেনের সড়কে দীর্ঘ যানজটের কারণে দূরপাল্লার বাস, ট্রাক ও পিকআপের যাত্রীরা বৃষ্টিতে ভিজে চরম বিপাকে পড়েছেন। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার জানান, বৃষ্টি ও সড়কের জটিলতায় এই জট সৃষ্টি হলেও দ্রুত তা কমে যাবে।

তবে সিরাজগঞ্জ অংশে যমুনা সেতু পার হওয়ার পর উত্তরবঙ্গের পথে আর কোনো ভোগান্তি নেই। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, সেতুর ঢাকামুখী লেনে কিছুটা ধীরগতি থাকলেও সেতু পার হওয়ার পর রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং দুপুরের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

এসআর

সম্পর্কিত খবর