[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেনাপোলে ব্যবসায়ীর বাসভবনে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নিজ বাসভবনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সিএন্ডএফ ব্যবসায়ী সোহাগ হোসেন।

রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেন, গত ৫ জুন রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাসায় অবস্থান করছিলেন। এ সময় একদল ব্যক্তি তার বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা বাড়ির দরজা ও জানালার দিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ করেন তিনি।


তার দাবি, ছোড়া গুলির একটি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। আরও কয়েকটি গুলির চিহ্ন বাসার বিভিন্ন অংশে পাওয়া যায়।

পরিস্থিতি বুঝতে পেরে তিনি ও পরিবারের সদস্যরা নিরাপদ থাকার জন্য ঘরের ভেতরে অবস্থান নেন। এতে কেউ হতাহত না হলেও পরিবারটি চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানান তিনি।


সোহাগ হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিনের একটি ব্যবসায়িক বিরোধ এবং আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, কিছু ব্যক্তির কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা রয়েছে এবং সেই বিরোধের জের ধরেই তার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।


তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।


সংবাদ সম্মেলনে সোহাগ হোসেন ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


এ সময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর