[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজার সফরকে কেন্দ্র করে বিএনপির ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৮:৩৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন কক্সবাজার সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলীয় নেতাকর্মীরা।

আগামী ১৪ ও ১৫ জুনের এ সফরে তিনি চকরিয়া ও পেকুয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে তিনি সকাল থেকে একাধিক উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন। সম্ভাব্য সূচি অনুযায়ী, পিএমখালী এলাকায় একটি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পার্ক পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

 

পরে পেকুয়া এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, স্মৃতিচারণমূলক কর্মসূচি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুরে সেখানে মধ্যাহ্নভোজ শেষে তিনি চকরিয়ার উদ্দেশে রওনা হবেন।

 

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আয়োজকরা বলছেন, কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটতে পারে।

 

জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার শহরে গিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন। রাতের বিশ্রাম শেষে পরদিন সকালে তিনি একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এদিকে সফরের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও কয়েক দিনের জন্য কক্সবাজার সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

 

চকরিয়া উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে বিভিন্ন ইউনিটে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

 

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সম্প্রতি পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে সফর সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসআর

সম্পর্কিত খবর