[email protected] শনিবার, ৬ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

হিলি সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক অবস্থান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ জুন ২০২৬ ৪:৪০ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোররাতে ঘাসুড়িয়া সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত এলাকাগুলোতে টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমানে হিলি সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অননুমোদিত প্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত আছে।

এদিকে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত এলাকাতেও সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের কয়েকটি প্রচেষ্টার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয়দের সহযোগিতার কারণে এসব উদ্যোগ সফল হয়নি।

সীমান্তজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল, পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর