কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার বিকেলে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ ম্যাচ দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো ফুটবলপ্রেমী মাঠে ভিড় করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।
উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কটিয়াদী ছাড়াও নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক দর্শক খেলা দেখতে আসেন।
মাঠে স্থান সংকুলান না হওয়ায় অনেককে উঁচু স্থান ও গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায়। দর্শকদের ব্যাপক উপস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে হয়।
আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া পাপ্পু ক্রীড়াচক্রের উদ্যোগে আয়োজিত ‘৩৩তম লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে মুখোমুখি হয় বোয়ালিয়া ফুটবল একাডেমি ও বেতাল ছুবেজ্জামান একাদশ।
দুই দলেই বিদেশি ফুটবলার এবং দেশের পরিচিত খেলোয়াড়দের অংশগ্রহণ ম্যাচে বাড়তি আকর্ষণ যোগ করে।
নির্ধারিত সময়ে উভয় দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। পরে ট্রাইব্রেকারে গড়ায় শিরোপা নির্ধারণের লড়াই।
স্নায়ুচাপের সেই পর্বে বেতাল ছুবেজ্জামান একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বোয়ালিয়া ফুটবল একাডেমি।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন।
একই সঙ্গে রানারআপ দলকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহ বিবেচনায় আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়ামে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আগামী আসরের আগেই প্রয়োজনীয় উন্নয়নকাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলামুখী করতে এবং মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ লক্ষ্যে সরকার দেশব্যাপী ক্রীড়া চর্চা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
এসআর