[email protected] শুক্রবার, ৫ জুন ২০২৬
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই নারী হলেন গ্রামের বাসিন্দা ও প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) এবং তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে তারা বাড়ির গোয়ালঘরে গৃহস্থালির কাজ করছিলেন।

একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে এসে দুজনই গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের মাতম দেখা দিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর