[email protected] শুক্রবার, ৫ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ জুন ২০২৬ ১০:০০ পিএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আমবাগানে আম সংগ্রহ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন ও মেসবাউলের মৃত্যু হয়। বজ্রপাতের ঘটনাগুলো এতটাই আকস্মিক ছিল যে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহত তিন পরিবারের প্রত্যেককে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অন্যদিকে সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান সুমিয়ারা বেগম।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সদর ও নাচোল উপজেলার নিহতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বজ্রপাতজনিত এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এসআর

সম্পর্কিত খবর