পবিত্র ঈদুল আজহার দিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আঁখি নামের ১১ বছর বয়সী এক শিক্ষার্থী।
পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় গলায় কোরবানির মাংস আটকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার লোকনাথপুর তেলপাম্প এলাকার কাছে এ ঘটনা ঘটে।
নিহত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে এবং পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের সদস্যরা জানান, ঈদের সকালে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিলেন।
এ সময় হঠাৎ আঁখির গলায় মাংসের একটি টুকরো আটকে যায়।
পরে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছিল।
ঈদের আনন্দের দিনে এমন আকস্মিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এসআর