আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের স্থানীয় নেতারা জানান, প্রতি বছর বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে বর্ষার আগেই খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির সূচনা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লাটিমী রাস্তার মাথা এলাকায় খাল পরিষ্কারের মাধ্যমে। সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ কাইচ্ছুটি, দত্তসার, লাটিমীসহ আশপাশের কয়েকটি গ্রামের জলাবদ্ধতা নিরসনকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মনির আহম্মেদ মানিক। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহম্মেদ সাকি, আলকরা ইউনিয়ন আমির মাওলানা কুতুব উদ্দিন, সেক্রেটারি আবু নাছেরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি।
এছাড়া স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মী, জামায়াতের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ কমাতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসআর