নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুর প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে পরিবার নিয়ে রওনা হয়েছিলেন প্রকৌশলী আকিব হোসেন। পথিমধ্যে বড়াইগ্রাম এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী একটি আমবোঝাই পিকআপের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আকিব হোসেনের চার মাস বয়সী সন্তান ইজাজ মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
পরে আকিব হোসেন, তার স্ত্রী অ্যানি, অপর সন্তান চার বছর বয়সী ইহান এবং আকিবের মা কোনাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে ইহানেরও মৃত্যু হয়।
বর্তমানে আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এসআর