[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রাঘাতে নিহত মা ও ছেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন ২০২৬ ৭:৫৮ এএম

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক মা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কল্পনা রাণী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। তারা ওই এলাকার বাসিন্দা শৈলেন চন্দ্র দাসের স্ত্রী ও ছেলে।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোহাগ কর্মসূত্রে ঢাকায় থাকতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি ও তার মা বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড় সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে গাইবান্ধা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মা ও ছেলে দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রপাতের পরপরই দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কিন্তু চিকিৎসা পাওয়ার আগেই তাদের জীবনাবসান ঘটে।


ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতেই মা ও ছেলের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মধ্যে গভীর বেদনার সৃষ্টি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর