বরগুনা শহরের একটি জেলা পরিষদ ডাকবাংলো থেকে এক নারী ও দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী স্মৃতি রানী বরগুনা পৌরসভার কালীবাড়ী এলাকার বাসিন্দা এবং তিনি জেলা পরিষদ পরিচালিত ডাকবাংলোতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দুই শিশুকন্যা তার সন্তান।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ডাকবাংলোর একটি কক্ষের বিছানার ওপর প্রায় ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পাশের আরেকটি কক্ষের দরজা ভেঙে সেখানে স্মৃতি রানী এবং আনুমানিক দুই বছর বয়সী আরেক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিমও উপস্থিত ছিলেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এসআর