কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বনগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম ধুলাদিয়া ইউনিয়নে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তার বনগ্রাম বাজারে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে অন্যত্র চলে যান।
এ বিষয়কে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে তর্কাতর্কির সূত্রপাত হয়।
পরবর্তীতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বিভিন্ন দেশীয় অস্ত্রও ব্যবহৃত হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রতিপক্ষের সমর্থকরা হামলা চালালে কয়েকজন নেতাকর্মী আহত হন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বিএনপি নেতা মুঞ্জুরুল হক পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, পরিস্থিতি যাতে আর জটিল না হয় এবং শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে দলীয়ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসআর