[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিনাজপুরের বীরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা এলাকার একটি শালবাগান থেকে রাসেল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত রাসেল ভোগডোমা গ্রামের বাসিন্দা এবং মো. শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি লিচু সংগ্রহের উদ্দেশ্যে বাগানে গেলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান।

পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য পুলিশকে অবহিত করলে বীরগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ সময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাসেল রোববার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

পুলিশ জানিয়েছে, মরদেহে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথার পেছনে ও একটি পায়ে আঘাতের আলামত রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

বীরগঞ্জ থানার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর