[email protected] মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে ২০২৬ ৪:০৮ পিএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে শ্রমিকদের এই আন্দোলনের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী-পুরুষ শ্রমিকরা একসঙ্গে সড়কে অবস্থান নেওয়ার পর যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহনও আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে।

 

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সরকার ঈদের আগে শ্রমিকদের ২০ দিনের বেতন ও উৎসব বোনাস পরিশোধের নির্দেশনা দিলেও কারখানা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। তাদের দাবি, প্রায় ২৫ হাজার টাকা পাওনার বিপরীতে মাত্র ৬ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি অর্থ ঈদের পর দেওয়ার কথা বলা হয়েছে।

 

এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের আগে সংসারের খরচ ও সন্তানদের কেনাকাটা কীভাবে করবেন, সেই অনিশ্চয়তায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

 

এদিকে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনতে কাজ চলছে।

এসআর

সম্পর্কিত খবর