রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, মামলার আসামি ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জবানবন্দি দিয়েছেন এবং এক সপ্তাহের মধ্যে তদন্ত শেষে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। তিনি জানান, মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী ১ জুন আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হবে।
নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট মামলার বিচার কার্যক্রম যেন বন্ধ না থাকে, সে বিষয়েও সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট আদালতগুলো ছুটির সময়েও খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
এ সময় ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাও উঠে আসে। এ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটিকে এনসিপি যেভাবে রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একই দৃষ্টিভঙ্গিতে বিষয়টি মূল্যায়ন করছে।
এসআর