শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৩ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ধর্ষণচেষ্টার শিকার তিন শিশুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ছোট শিশুদের নানা প্রলোভন দেখিয়ে অপরাধীরা ফাঁদে ফেলছে, যা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে। তিনি অভিভাবকদেরও আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য তুলে ধরে তিনি জানান, গত আট বছরে চট্টগ্রামে ১২ বছরের নিচের শিশুদের ওপর নির্যাতনের শতাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে সামাজিক সংকোচের কারণে অনেক ঘটনা প্রকাশ্যে আসে না বলেও মন্তব্য করেন তিনি।
কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে নগরে বড় পরিসরের কেন্দ্রীয় ডে-কেয়ার সেন্টার গড়ার ঘোষণা দেন মেয়র। পাশাপাশি তৈরি পোশাক কারখানাগুলোতে ডে-কেয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সন্তানদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। গার্মেন্টস খাতের মালিকদের উদ্দেশে তিনি জানান, শিল্পকারখানায় ডে-কেয়ার স্থাপন করা তাদের জন্য কঠিন কিছু নয়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন তিন শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, শিশুরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
এসআর