[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিলেটে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে, একদিনে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৬ ১২:৩২ পিএম

সংগৃহীত ছবি

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় এসব রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও বহু শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

শুক্রবার (২২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যু হয়। স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরে এ নিয়ে বিভাগে হাম ও সংশ্লিষ্ট জটিলতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

 

মারা যাওয়া শিশুদের মধ্যে একজন সিলেট নগরীর শাহপরাণ এলাকার বাসিন্দা। অন্য তিনজন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জেও সংক্রমণ পাওয়া গেছে।

 

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের দুই প্রধান হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর