দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে রানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নুরপুর এলাকার আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির কাইয়ুম (২০)।
পুলিশ জানায়, তিনজন একই মোটরসাইকেলে করে স্থানীয় সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআর