কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে ভুক্তভোগীর আপন ছোট ভাইও রয়েছেন।
শুক্রবার (২২ মে) উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন— একই গ্রামের ইনামুদ্দিনের ছেলে মিজান এবং পাশের দড়িপাড়া গ্রামের নজরুলের ছেলে ইমন।
পুলিশ জানায়, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
পরে মিজানকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি কক্ষ থেকে চালের বস্তার ভেতরে লুকিয়ে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমনকেও আটক করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবপ্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলি আক্তার সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করতেন।
ঘটনার দিন সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পর রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে হাত বেঁধে ফেলে।
পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা স্বর্ণ ও টাকার অবস্থান জানতে চাওয়া হয়। একপর্যায়ে হামলাকারীরা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালানো হয়।
পরে লুট হওয়া মালামাল উদ্ধার এবং দুইজনকে আটক করা সম্ভব হয়েছে।
এসআর