[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

আইনি চাপে মেটা, মামলা খারিজের আবেদন নাকচ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ১১:৩৩ এএম

সংগৃহীত ছবি

ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের আসক্ত করার অভিযোগে করা একটি মামলা খারিজের

 আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল বিচারক ইভন গনজালেজ রজার্স গত মঙ্গলবার এই আদেশ দিয়ে জানান, মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার নিষ্পত্তি বিচার প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, মেটা তাদের প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করেছে যাতে শিশু-কিশোরেরা দীর্ঘ সময় আটকে থাকে এবং এর ক্ষতিকর দিকগুলো ব্যবহারকারীদের কাছে গোপন করা হয়েছে।

​আদালত মেটার বিরুদ্ধে প্রতারণামূলক আচরণ, অন্যায্য ব্যবসায়িক কার্যক্রম এবং শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগগুলো বহাল রেখেছেন। একই সঙ্গে শিশুদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়ার নিয়ম মেটা যথাযথভাবে পালন করেনি বলেও বিচারক উল্লেখ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগ, হতাশা, অনিদ্রা, পড়াশোনায় মনোযোগের ঘাটতি এবং আত্মক্ষতির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা আদালতের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখছেন।

​অন্যদিকে মেটা এক বিবৃতিতে এই অভিযোগগুলো অস্বীকার করে জানিয়েছে, তারা আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং আইনি লড়াইয়ে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তায় তাদের নেওয়া উদ্যোগগুলো প্রমাণিত হবে। মেটার দাবি, 'সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি' এখনো কোনো স্বীকৃত মানসিক রোগ নয় এবং তাদের প্ল্যাটফর্মটি সব বয়সী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

তবে বিচারক স্পষ্ট করেছেন যে, প্ল্যাটফর্ম দুটি শিশুদের দীর্ঘ সময় ব্যবহারে উৎসাহিত করে কি না এবং মেটার বক্তব্য বিভ্রান্তিকর ছিল কি না, তা বিচারেই নির্ধারিত হবে। আদালতের সূচি অনুযায়ী, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির করা এই মামলার বিস্তারিত শুনানি আগামী ১৮ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর