ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম
‘শর্টস’-এ একাধিক নতুন ফিচার ও পরিবর্তন নিয়ে এসেছে ইউটিউব। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন যুক্ত হওয়া ফিচারসমূহ:
২x স্পিড অপশন: এখন থেকে ব্যবহারকারীরা চাইলে দ্বিগুণ গতিতে (২x স্পিড) শর্টস ভিডিও দেখতে পারবেন, যা দ্রুত তথ্য পেতে এবং ভিডিওর পছন্দের অংশে পৌঁছাতে সাহায্য করবে।
ক্লিয়ার স্ক্রিন মোড: এই মোড চালু করলে ভিডিও দেখার সময় স্ক্রিন থেকে বিভিন্ন আইকন, বাটন ও টেক্সট সাময়িকভাবে আড়াল হয়ে যাবে। ফলে কোনো বাধা ছাড়াই পরিষ্কারভাবে ভিডিও উপভোগ করা যাবে।
হার্ট ইমোজি: ভিডিও পছন্দ করার ক্ষেত্রে প্রচলিত ‘থাম্বস-আপ’ আইকনের পরিবর্তে এখন নতুন ‘হার্ট’ ইমোজি যুক্ত করা হয়েছে।
ডিসলাইক বাটন অপসারণ: শর্টস থেকে ‘ডিসলাইক’ বাটন সরিয়ে নেওয়া হয়েছে। কোনো কনটেন্ট এড়িয়ে যেতে চাইলে ব্যবহারকারীরা এখন ‘নট ইন্টারেস্টেড’ এবং ‘ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল’ অপশন ব্যবহার করতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, নতুন এই ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু করা হবে।
টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সাথে প্রতিযোগিতায় নেমে ইউটিউব শর্টস বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল মোহানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসেই শর্টসের দৈনিক ভিউয়ের সংখ্যা ২০০ বিলিয়নে পৌঁছেছে। শুধু মোবাইল নয়, স্মার্ট টেলিভিশনের পর্দাতেও এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, যেখানে প্রতি মাসে দর্শকরা প্রায় ২ বিলিয়ন ঘণ্টা সময় ব্যয় করছেন শর্টস দেখতে।
এসআর