ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী।
তার ইনিংসে ভেঙেছে তিনটি উল্লেখযোগ্য রেকর্ড।
২৮ বলে দ্রুততম সেঞ্চুরি: লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম শতকের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন সূর্যবংশী।
৪০ বলে দেড়শ: দ্রুততম দেড়শ রানের রেকর্ডও নিজের নামে নতুন করে লিখেছেন এই ভারতীয় ওপেনার। এর আগে গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড়শ রান করেছিলেন তিনি। এবার মাত্র ৪০ বলেই ১৫০ রানের মাইলফলক অতিক্রম করেন।
৫২ বলে ডাবল সেঞ্চুরি: লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ডেও বড় পরিবর্তন এনেছেন সূর্যবংশী। নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে মাত্র ৫২ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সূর্যবংশী। মাত্র ১৬ বলেই অর্ধশতক তুলে নেন তিনি। এরপর পরবর্তী ১২ বলে আরও ৫০ রান যোগ করে পৌঁছে যান তিন অঙ্কে। সেঞ্চুরি করার আগেই তার ব্যাট থেকে আসে ১৪টি ছক্কা।
এদিকে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পাঁচ ওভারেই ১০০ রান সংগ্রহ করে দলটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দ্রুততম দলীয় শতরানের নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে ব্যাট হাতে এক ইনিংসেই একাধিক রেকর্ড নিজের করে নিয়ে ক্রিকেটবিশ্বের আলোচনায় উঠে এসেছেন বৈভব সূর্যবংশী।
এফ/ডি