[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১১:০০ এএম

সংগৃহীত ছবি

ক্রিকেটের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ২০২৭ সালের ৩ জুন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

ম্যাচটিকে ঘিরে লর্ডসে তৈরি হতে যাচ্ছে নতুন ইতিহাস। কারণ, একই দিনে এই মাঠে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি খেলাও। আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষদের ক্রিকেটের এমন আয়োজন লর্ডসে এবারই প্রথম। তবে ব্লাস্টের ম্যাচে কোন দুটি দল অংশ নেবে, তা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পর জানা যাবে।

 

বাংলাদেশের জন্য এই ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে লর্ডসে পুরুষদের কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে প্রায় ১৭ বছর পর ঐতিহাসিক এই মাঠে ফিরবে দলটি। এরপর নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি সফরে নতুন মাত্রা যোগ করবে।

 

এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন জানান, নেপালে ক্রিকেটের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ তাদের মুগ্ধ করেছে। ক্রিকেট যে বিভিন্ন দেশের মানুষকে একসূত্রে যুক্ত করতে পারে, সেটিও তারা প্রত্যক্ষ করেছেন। বাংলাদেশ ও নেপালকে লর্ডসে আতিথ্য দিতে পেরে এমসিসি আনন্দিত।

 

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএএন) সচিব পারস খাড়কা বলেন, লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে খেলার সুযোগ নেপালের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়। একই সঙ্গে এমসিসির সঙ্গে সুসম্পর্ক এবং নেপালের ক্রিকেটের বিকাশে তাদের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

 

সিএএন সভাপতি চতুর বাহাদুর চাঁদের মতে, আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশের বিপক্ষে লর্ডসে খেলতে নামা নেপালের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও লর্ডসে খেলার সুযোগকে বিশেষ সম্মানের বলে উল্লেখ করেছেন। তার প্রত্যাশা, দুই দেশের ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি উপভোগ করবেন।

 

এদিকে এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফর শুরু হবে ১ জুন। ওই দিন ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলবে তারা। এরপর ৬ ও ৯ জুন একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের শেষ দিকে ১১ ও ১২ জুন বেকেনহামে আরও দুটি ম্যাচ খেলবে নেপাল।

এফ/ডি

সম্পর্কিত খবর