২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার সিদ্ধান্তটি আগেই নেওয়া হয়েছে। তবে বর্তমান বোর্ডের লক্ষ্য, আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বাড়তি সুযোগ নিশ্চিত করা।
তামিম বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে টুর্নামেন্টের একটি সেমিফাইনাল বাংলাদেশের মাটিতে আয়োজনের বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে তিনি আশাবাদী।
বিসিবি সভাপতি আরও জানান, আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানালে বিষয়টি পরিষ্কার হবে। গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি আগের আসরগুলোর তুলনায় বাংলাদেশে ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রত্যাশাও রয়েছে তাদের।
তার মতে, দেশের মাটিতে একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য উল্লেখযোগ্য অর্জন হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বোর্ড কাজ করছে।
উল্লেখ্য, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল। সে আসরে বাংলাদেশে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচের পাশাপাশি দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। তবে সেমিফাইনাল আয়োজনের সুযোগ পায়নি বাংলাদেশ।
এফ/ডি