[email protected] রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ৬:১৯ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, সিরিজের প্রথম টেস্ট চলার সময় বাম পাশের কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষ হওয়ার পর তার এমআরআই পরীক্ষা করা হয়। পরীক্ষায় পেলভিক হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির লক্ষণ পাওয়া গেছে।

 

ফিজিও আরও জানান, মুশফিকের শারীরিক অবস্থা স্বাভাবিক করতে আপাতত পর্যাপ্ত বিশ্রাম এবং নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চোটের অবনতি ঠেকাতেও এই ব্যবস্থা জরুরি। এ কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।

 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের কাছে ৯ উইকেটে পরাজিত হয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা।

 

ওই ম্যাচের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি মুশফিক। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ২২ রান। এবার চোটের কারণে সিরিজের শেষ ম্যাচেও দলের বাইরে থাকতে হচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

এফ/ডি

সম্পর্কিত খবর