বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সক্ষমতা বেশ শক্তিশালী। আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি গড়ে তুলেছে বিশাল আর্থিক ভিত্তি।
আইসিসির মোট সম্পদের পরিমাণ
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, আইসিসির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭৭৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ২৩ হাজার কোটি টাকা।
এক বছরে নিট সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ
মোট সম্পদ থেকে সব ধরনের দায় বাদ দিলে যে পরিমাণ থাকে, সেটিই নিট সম্পদ। ২০২৫ সালের শেষে আইসিসির নিট সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ১০৭ বিলিয়ন ডলার। অথচ ২০২৪ সালের শেষে এই অঙ্ক ছিল ৫৬৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে সংস্থাটির নিট সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আয় কিছুটা কমলেও উদ্বৃত্ত বেড়েছে
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আইসিসির মোট আয় ও অন্যান্য প্রাপ্তি ছিল ৭৫৬ দশমিক ৩ মিলিয়ন ডলার। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৭৭৬ দশমিক ৬ মিলিয়ন ডলার।
আয় সামান্য কমলেও নিট উদ্বৃত্তের ক্ষেত্রে উন্নতি হয়েছে। ২০২৫ সালে আইসিসির নিট উদ্বৃত্ত দাঁড়ায় ৫৪৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। আগের বছর এই পরিমাণ ছিল ৪৭৪ মিলিয়ন ডলার।
সম্প্রচার স্বত্ব আয়ের বড় উৎস
আইসিসির রাজস্ব আয়ের অন্যতম প্রধান ভিত্তি বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব বিক্রি। বিশেষ করে ভারতীয় বাজার থেকে এ খাতে বড় অঙ্কের অর্থ আসে। সংস্থাটির মোট মিডিয়া স্বত্বের মূল্যের প্রায় ৭৫ শতাংশের সঙ্গে ভারতীয় বাজার জড়িত।
বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ
সম্প্রচার স্বত্ব ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব আইসিসির আয়ের গুরুত্বপূর্ণ উৎস। এমিরেটস, সৌদি আরামকো, ডিপি ওয়ার্ল্ড, হুন্দাই ও কোকা-কোলার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সংস্থাটির স্পনসর হিসেবে যুক্ত রয়েছে।
বিশ্বকাপসহ আইসিসির বড় আয়োজনগুলো ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় স্পনসরশিপ ও বিজ্ঞাপনের বাজারেও সংস্থাটির অবস্থান শক্তিশালী।
সব মিলিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা, সম্প্রচার স্বত্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিই আইসিসির বিশাল আর্থিক ভিত্তি গড়ে তুলেছে। তবে প্রকাশিত সম্পদের পরিমাণ সংস্থাটির প্রাতিষ্ঠানিক হিসাব; এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়।
এফ/ডি