দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন এই দুই ব্যাটার। বিশেষ করে রবিনের অন্তর্ভুক্তি এবারের স্কোয়াডে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
২৭ বছর বয়সী নাঈম শেখ দলে ফিরেছেন সাদমান ইসলামের ইনজুরির কারণে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পাওয়ায় চলতি বছরে আর খেলা হচ্ছে না সাদমানের। অন্যদিকে এনসিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন নাঈম। প্রতিযোগিতায় তিনটি সেঞ্চুরি ও একটি অর্ধশতকের পাশাপাশি ২৮২ রানের বড় ইনিংস খেলেছেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া ২২ বছর বয়সী মাহফিজুল ইসলাম রবিনও এনসিএলে নজর কেড়েছেন। তার ব্যাট থেকে এসেছে একটি ডাবল সেঞ্চুরি, ১১৬ ও ১০০ রানের দুটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক।
দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকার সম্ভাবনা ছিল মাহমুদুল হাসান জয়েরও। তবে ইনজুরির কারণে শেষ পর্যন্ত তাকে বিবেচনায় রাখা সম্ভব হয়নি। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে এই ব্যাটারের।
এদিকে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন তাইজুল ইসলাম। তবে ঢাকা ও সিলেট টেস্টে খেলা নাঈম হাসান এবার বাদ পড়েছেন। দলে রয়েছেন জাকের আলী অনিক। চোটের কারণে এই সফরেও থাকছেন না পেসার নাহিদ রানা।
পেস আক্রমণে অভিজ্ঞ তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ।
সিলেট টেস্ট শেষ করেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর অস্ট্রেলিয়া ও ভারত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান পঞ্চম।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ১৬ সদস্যের দল:
১. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
২. তানজিদ হাসান তামিম
৩. নাঈম শেখ
৪. মুমিনুল হক
৫. মুশফিকুর রহিম
৬. লিটন দাস
৭. তাওহীদ হৃদয়
৮. জাকের আলী অনিক
৯. মেহেদী হাসান মিরাজ
১০. তাইজুল ইসলাম
১১. তাসকিন আহমেদ
১২. হাসান মাহমুদ
১৩. শরিফুল ইসলাম
১৪. ইবাদত হোসেন চৌধুরী
১৫. খালেদ আহমেদ
১৬. মাহফিজুল ইসলাম রবিন
এফ/ডি