ব্যাট হাতে অসাধারণ এক কীর্তি গড়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়।
মাত্র ২২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ক্রিজে এসে দলের হাল ধরেন হৃদয়। আগের দিন ২৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটার তৃতীয় দিনের লাঞ্চের আগেই শতরানের মাইলফলক স্পর্শ করেন। এরপর চা বিরতির পরপরই পৌঁছে যান দ্বিশতকে। তার এই ইনিংসে একের পর এক রেকর্ডের জন্ম হয়েছে।
হৃদয়ের গড়া উল্লেখযোগ্য রেকর্ডগুলো তুলে ধরা হলো—
১. বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস
২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়েছেন হৃদয়। এর আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি করেছিলেন ২১৯ রান।
২. প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি
টেস্ট ক্যারিয়ারের প্রথম শতককে দ্বিশতকে রূপান্তর করেছেন হৃদয়। বাংলাদেশের ক্রিকেটে এমন কীর্তি গড়া প্রথম ব্যাটার তিনি। এর আগে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ ১৮১ রান করেছিলেন মুমিনুল হক।
৩. এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
এই ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে এক টেস্ট ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন হৃদয়। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের করা ৭ ছক্কা ছিল সর্বোচ্চ।
বিশ্ব রেকর্ডের তালিকায় জায়গা পেতে প্রয়োজন ছিল ১৩টি ছক্কা। এক ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ড যৌথভাবে রয়েছে ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়ালের।
৪. দলের রানের বড় অংশই এসেছে হৃদয়ের ব্যাট থেকে
বাংলাদেশের প্রথম ইনিংসের মোট রানের ৬২ দশমিক ৬৯ শতাংশ একাই করেছেন হৃদয়। টেস্টের এক ইনিংসে কোনো ব্যাটারের অবদানের হিসাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল লিটন দাসের। তার ব্যাট থেকে বাংলাদেশের মোট রানের ৫৮ দশমিক ১৩ শতাংশ এসেছিল।
৫. প্রথম ডাবল সেঞ্চুরিতে সর্বোচ্চ রান
নিজের প্রথম দ্বিশতকেই ২৪২ রানের ইনিংস খেলেছেন হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরিতে এটিই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিশতকে ২১৭ রান করেছিলেন সাকিব আল হাসান।
৬. এক দিনে সর্বোচ্চ রান
টেস্টের এক দিনে ২১৩ রান করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন হৃদয়। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসানের। তিনি এক দিনে সর্বোচ্চ ২১২ রান করেছিলেন।
৭. দেশের মাটিতে চতুর্থ সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশের মাটিতে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় হৃদয়ের ২৪২ রানের অবস্থান চতুর্থ। এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের মাটিতে তার সর্বোচ্চ সংগ্রহ ৩১৯ রান।
সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের এই ব্যাটিং নৈপুণ্য বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করেছে। চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
এফ/ডি