[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে চাপে ভারত, ৩-২ ব্যবধানে হারল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ৬:০৭ পিএম

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে বড় ব্যবধানে এগিয়ে যায় ভারত। তবে যোগ করা সময়ে দুই গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে পাকিস্তান। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ভারত।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ১৩ মিনিটে মুহাম্মদ সুহাইলের তৈরি করা সুযোগ থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহেইল ভাট। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন এই ফরোয়ার্ড। মাঝমাঠ থেকে সূর্যবংশীর বাড়ানো বল ধরে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে লক্ষ্যভেদ করেন তিনি।

 

৩২ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন কিপজেন। নওফাল পুথনিভেত্তিলের পাস পেয়ে বক্সের কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠান তিনি।

 

এরপর গোল পরিশোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান। ৩৪ মিনিটে পেনাল্টি পেলেও স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন শায়েক দোস্ত। তার নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

 

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। বলের নিয়ন্ত্রণ বাড়ালেও ভারতের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারতও। তবে কিপজেনের একটি চিপ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

 

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। ৭৭ মিনিটে ফারুক হাজী কাশেম ও আলী খান গাজীর মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে নাটকীয়তা শুরু হয়। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জুনায়েদ শাহর ক্রস থেকে হেডে গোল করে পাকিস্তানের ব্যবধান কমান নাজিব উল্লাহ। ৯৪ মিনিটে মিকাইল আবদুল্লাহর ক্রস পেয়ে দারুণ শটে দ্বিতীয় গোলটি করেন আলমগীর গাজী।

 

পরপর দুই গোল হজম করে চাপে পড়ে ভারত। অন্যদিকে সমতায় ফেরার আশায় শেষ মুহূর্তে আক্রমণ বাড়ায় পাকিস্তান। তবে আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

 

এই জয়ের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করল ভারত।

এফ/ডি

সম্পর্কিত খবর