[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ড, ভাঙল আর্জেন্টিনার বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ১১:১৬ এএম

সংগৃহীত ছবি

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচেই খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে

 বহিষ্কার করেছেন রেফারি। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে এই ঘটনা ঘটেছে, যা এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর নতুন বিশ্বরেকর্ড। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর গিনেজ রেকর্ড ছিল।

​রোববার মিনাস জেরাইস অঞ্চলে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের মারামারি ও সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

​ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিক তাঁর প্রতিবেদনে জানান, ঘটনার পর মাঠে ও ডাগআউটে থাকা ৪০ খেলোয়াড় ও ৮ কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়। এর আগে ম্যাচ চলাকালীন আরও ৩ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এছাড়া উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের ২ সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে মোট বহিষ্কৃত হন ৫৩ জন।

​রেফারি ও ম্যাচ সূত্রে জানা যায়, মামোরের তৃতীয় গোল উদযাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে এক ফুটবলারের বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গির জেরে উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ মাঠে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। ম্যাচ শেষে দুই দলই একে অপরের বিরুদ্ধে ড্রেসিংরুম ও সরঞ্জাম ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। পাশাপাশি সহিংসতার হুমকি দেওয়ার অভিযোগে রেফারি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন।

​উল্লেখ্য, এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে ৩৭ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছিল (রেফারির চূড়ান্ত প্রতিবেদনে ৩৬ জন বলে নথিভুক্ত হয়), যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ কার্ডের বিশ্বরেকর্ড ছিল।

এইচ/এম

সম্পর্কিত খবর