[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৭:১৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের পেশাদার গলফের প্রচার ও প্রসারে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘গলফ

 মিডিয়া’। মঙ্গলবার আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সঙ্গে গলফ মিডিয়ার এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

​বিপিজিএ-এর পক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এবং গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপিজিএ-এর সেক্রেটারী জেনারেল সিফাত চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​চুক্তি স্বাক্ষর শেষে বিপিজিএ প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস বলেন, “বাংলাদেশের গলফকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই এবং এর সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। গলফের ব্যাপক প্রসারে প্রচার মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সে লক্ষ্যেই গলফ মিডিয়ার সঙ্গে আমাদের এই চুক্তি, যা দেশের গলফ অঙ্গনের জন্য একটি বিশেষ দিন।”

​গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক বলেন, “প্রচারে প্রসার—গলফের মতো খেলার প্রসারে সঠিক প্রচারের কোনো বিকল্প নেই। দেশীয় গলফের সার্বিক মানোন্নয়নের ব্রত নিয়েই গলফ মিডিয়া কাজ করে যাচ্ছে। পেশাদার গলফের মূল নিয়ামক বিপিজিএ-এর সঙ্গে এই চুক্তির ফলে প্রচারের কাজটি আরও গতিশীল ও সহজ হবে। এই যৌথ পথচলা দেশের গলফকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।”

​বিপিজিএ-এর সেক্রেটারী জেনারেল সিফাত চৌধুরী দিনটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করে বলেন, “গলফ মিডিয়া দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশে বাংলাদেশের গলফকে সঠিকভাবে তুলে ধরছে। এই সুনির্দিষ্ট ভূমিকার কথা বিবেচনায় নিয়েই আমরা তাদের মিডিয়া পার্টনার করেছি। আশা করছি, আমাদের যৌথ প্রচেষ্টা গলফপ্রেমীদের নতুন কিছু উপহার দিতে সক্ষম হবে।”

​চতুর্থ ওয়েস্টার্ন গ্রুপ পেশাদার গলফ ওপেন ২০২৬

এদিকে একই দিনে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘চতুর্থ ওয়েস্টার্ন গ্রুপ পেশাদার গলফ ওপেন ২০২৬’-এর প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড শেষে ৬-আন্ডার-পার খেলে তালিকার শীর্ষে রয়েছেন গলফার আকবর হোসেন। ৫-আন্ডার-পার খেলে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাদল হোসেন এবং ৩-আন্ডার-পার খেলে তৃতীয় স্থানে রয়েছেন জামাল হোসেন। এছাড়া ২-আন্ডার-পার খেলে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন দেশসেরা তারকা গলফার সিদ্দিকুর রহমান, সজীব আলী ও মো. রাজু। চার রাউন্ডের এই টুর্নামেন্টের খেলা সামনেও অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর