[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির অনুপস্থিতি, জানা গেল কারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি

ব্যালন ডি’অরের জমকালো আয়োজনে ফুটবল বিশ্বের অনেক তারকা উপস্থিত থাকলেও দেখা মেলেনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির।

সর্বোচ্চ আটবার এই পুরস্কার জেতা মেসিকে অনুষ্ঠানে দেখতে না পেয়ে হতাশ হয়েছেন তাঁর ভক্তরা। তবে ব্যস্ত ফুটবল সূচি ও নিজস্ব যুব টুর্নামেন্টের আয়োজনের কারণে এবার অনুষ্ঠানে যোগ দেননি তিনি।

 

মেসির অনুপস্থিতির অন্যতম কারণ ইন্টার মায়ামির ম্যাচের ব্যস্ততা। আগামী ম্যাচে এফসি সিনসিনাটির মুখোমুখি হওয়ার কথা রয়েছে দলটির। এর আগে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলেছে মায়ামি। ফলে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাওয়া এবং আবার ফিরে এসে ম্যাচের প্রস্তুতি নেওয়া মেসির জন্য বেশ কঠিন হতো। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে মাঠে নামার বিষয়টিও তাঁর জন্য গুরুত্বপূর্ণ।

 

সম্প্রতি স্পেনের ওভিয়েদো শহরে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন মেসি। সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পর নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে তাঁকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়। ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেসের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ ভ্রমণের ধকল বিবেচনায় রেখেই তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার করা হয়েছিল।

 

এমএলএসের দুই ম্যাচের মাঝখানে লন্ডনে গিয়ে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে অংশ নিলে মেসির বিশ্রামের সময় আরও কমে যেত। এ কারণেও তাঁর পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া কঠিন ছিল।

 

এ ছাড়া মেসি নিজের উদ্যোগে আয়োজিত যুব ফুটবল প্রতিযোগিতা ‘মেসি কাপ’ নিয়েও ব্যস্ত রয়েছেন। অনূর্ধ্ব-১৬ বয়সী ফুটবলারদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এই টুর্নামেন্ট এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির স্টেডিয়ামে প্রতিযোগিতাটি চলার কথা রয়েছে।

 

অন্যদিকে, নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৫৫ পয়েন্ট, যা ইস্টার্ন কনফারেন্সের তালিকায় তাদের তৃতীয় অবস্থানে রেখেছে। এখন পর্যন্ত ১৭টি জয়, চারটি ড্র ও ১০টি পরাজয়ের মুখ দেখেছে মেসির দল।

 

সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় নিউ ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল। তিনটি দলই এ পর্যন্ত ৩১টি করে ম্যাচ খেলেছে।

এসআর

সম্পর্কিত খবর