[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৫:২২ পিএম

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ১৩ রানে পরাজিত করে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের তরুণীরা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করেছে বাঘিনীরা।

 

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সাদিয়া আক্তার। ৩৩ বলে এই রান করেন তিনি। ফারজানা ইয়াসমিম মেধা ২২ বলে ২৮ এবং সাদিয়া ইসলাম ২১ বলে ২৪ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পাকিস্তানও ভালোভাবেই এগোচ্ছিল। কোমাল খান ২৯ বলে ৩৬ এবং রাভাইল ফারহান সমান বলে ৩২ রান করেন। শেষ দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের রান তোলার গতি কমে যায়। জুফিশান আইয়াজ ৩০ বলে ৩২ রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।

 

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু বাংলাদেশের বোলারদের সামনে তারা নিতে পারে মাত্র ৭ রান। ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

 

বাংলাদেশের বোলারদের মধ্যে ফারজানা ইয়াসমিম মেধা ছিলেন সবচেয়ে সফল। ২৫ রান দিয়ে তিনি শিকার করেন ৩ উইকেট। নিশিতা আক্তার নিশি ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। আর তিথি দাস অপর্ণা মাত্র ৮ রান খরচ করে তুলে নেন একটি উইকেট।

এসআর

সম্পর্কিত খবর