[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

অনুমতি ছাড়া শহর বদল, সাইফ-হৃদয়-রিশাদের জরিমানা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ৫:৪৭ পিএম

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে প্রত্যাশিত ফল না পাওয়ার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নতুন করে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দল।

টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়ায় তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

শাস্তির মুখে পড়া তিন ক্রিকেটার হলেন সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, প্রত্যেককে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট ক্রিকেটারদের জানানো হয়েছে বলেও জানা গেছে।

 

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছিল বৃষ্টির বাধায়। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়।

 

তবে পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে স্বর্ণপদকের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও শ্রীলঙ্কার তুলনামূলক অনভিজ্ঞ দলের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে ম্যাচটি হারে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

 

ওই ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। এর মধ্যেই টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া শহর পরিবর্তনের বিষয়টি সামনে আসে।

 

বিসিবির সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, দলের নির্ধারিত ব্যবস্থাপনা ও অনুমোদিত সূচির বাইরে গিয়ে ভ্রমণ করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণেই তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর