২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের লড়াই হতে পারে একাধিকবার।
বৃহস্পতিবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।
গ্রুপ পর্বের পর শুরু হবে ‘সুপার সেভেন’ ধাপ। দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং সেরা চতুর্থ দল নিয়ে গঠিত হবে সাত দলের এই পর্ব। এ পর্যায়ে গ্রুপ পর্বের পয়েন্ট বহাল থাকবে না। সাত দল পরস্পরের বিপক্ষে রাউন্ড রবিন লিগে খেলবে। ফলে ভারত ও পাকিস্তান দুদলই সুপার সেভেনে উঠলে আবারও তাদের দেখা হতে পারে।
এরপর সুপার সেভেনের সেরা চার দল যাবে সেমিফাইনালে। সেখানেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি দুদল ফাইনালে উঠলে শিরোপার লড়াইয়েও দেখা হতে পারে তাদের। অর্থাৎ পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত রানার্সআপ হলেও পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। নয় ম্যাচে চার জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেছিল তারা। বিশ্বকাপের ইতিহাসে এখনো ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান।
২০২৭ বিশ্বকাপের ফরম্যাট নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল পাকিস্তানকে কটাক্ষও করেছেন। সূচি প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান নিশ্চয়ই খুশি হয়েছে; তাদের হয়তো মনে হচ্ছে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানো নিশ্চিত।
এসআর