উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে স্পেন।
ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়েম্বলিতে জয় পাওয়ার অনুভূতি জানান ইয়ামাল। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই জয়-পরাজয়ের সম্ভাবনা থাকে। তবে হার এড়াতে দল সর্বোচ্চ চেষ্টা করে। ওয়েম্বলির মতো কঠিন ভেন্যুতে জয় পাওয়ায় পুরো দলই আনন্দিত।
নিজের গোলের পেছনে কোচের কৌশলকে বড় কারণ হিসেবে দেখছেন ইয়ামাল। তাঁর ভাষ্য, প্রতিপক্ষকে ক্রমাগত চাপে রাখা এবং প্রেসিংয়ের মাধ্যমে বল পুনরুদ্ধারের নির্দেশনা দিয়েছিলেন কোচ। সেই পরিকল্পনা অনুসরণ করেই দ্বিতীয় মিনিটে সফল হন তিনি।
নিজের খেলার ধরন নিয়ে ইয়ামাল বলেন, দলের প্রয়োজনে অবদান রাখাই তার প্রধান লক্ষ্য। কখনো মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিলেও সুযোগ বুঝে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও এমন একটি পরিস্থিতিতে বল পেয়ে সামনে ফাঁকা জায়গা তৈরি হয় এবং সেখান থেকেই গোল করেন।
প্রতিপক্ষের দখলে বল থাকলেও সেটিকে খুব একটা সমস্যা হিসেবে দেখেন না ইয়ামাল। কারণ স্পেনের দলে দ্রুতগতির খেলোয়াড় রয়েছেন এবং বল ফিরে পেলেই দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানান তিনি।
সবশেষে দলের কৌশল ও ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে এই তরুণ তারকা বলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়ের নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। স্পেনের খেলোয়াড়েরা সেই বিষয়টি ভালোভাবেই রপ্ত করেছেন বলেও জানান তিনি।
এসআর