[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

শেষ ম্যাচে মেসির বিশেষ জার্সি, থাকছে সোনালি ‘১০’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬:০০ পিএম

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ।

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার আগে নিজের বিদায়ী ম্যাচের জার্সির ঝলক প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে মেসির বিশেষ জার্সিটি দেখা যায়। প্রচলিত আর্জেন্টিনার আকাশী-সাদা নকশার বদলে বিদায়ী ম্যাচের জার্সিতে রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য। জার্সিটির মাঝামাঝি অংশে সূর্যের প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সোনালি রঙে লেখা রয়েছে ‘মেসি ১০’।

 

ভিডিওতে দেখা যায়, দেয়ালে টানানো জার্সিটি হাতে নিয়ে সরিয়ে দেন মেসি। এরপর সেখানে তুলে ধরা হয় বিশেষভাবে তৈরি বিদায়ী ম্যাচের জার্সি। পাশে রাখা ছিল আকাশী-নীল রঙের এক জোড়া ফুটবল বুট।

 

পোস্টটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’ তার এই পোস্টের পরই সমর্থকদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।

 

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অক্টোবরের সূচিতে এরপর ২ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে দলটি।

 

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের মধ্যেও আবেগ কাজ করছে। ফাকুন্দো মেদিনা ও লাউতারো মার্তিনেসসহ দলের কয়েকজন ফুটবলার বিশ্বকাপজয়ী অধিনায়কের স্মরণীয় বিদায়ের প্রত্যাশার কথা জানিয়েছেন। তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও ওই ম্যাচে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

সব মিলিয়ে ৬ অক্টোবরের আর্জেন্টিনা-বেনিন ম্যাচ ঘিরেই এখন সবচেয়ে বেশি অপেক্ষা সমর্থকদের। বিশেষ জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক উপস্থিতি দেখতে মুখিয়ে আছেন তারা।

এসআর

সম্পর্কিত খবর