নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সূচি অনুযায়ী ম্যাচগুলো হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহ আগেই প্রকাশ করেছিল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বিসিবি।
গত শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, নেপাল ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন আগে বাংলাদেশের কাছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব পাঠিয়েছিল।
তিনি আরও জানান, নেপালের প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করেছে বিসিবি এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করা হলো।
এসআর