[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ইচ্ছা জানিয়ে বিসিবিকে জ্যোতির ই-মেইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

আসন্ন এশিয়ান গেমস শেষ হওয়ার পর আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকতে চান না বলে বোর্ডকে ই-মেইল করেছেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তবে জ্যোতির পাঠানো ই-মেইলটি তিনি এখনো সরাসরি দেখেননি বলে জানিয়েছেন।

 

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমি এখনো মেইলটি দেখিনি। আমাদের উইমেন্স ম্যানেজার জানিয়েছেন, জ্যোতির মেইলে এ ধরনের বিষয় রয়েছে। তাই এই মুহূর্তে এর বেশি কিছু বলা ঠিক হবে না। আগে আমাকে বিষয়টি দেখতে হবে।’

 

জানা গেছে, ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দেওয়ার লক্ষ্যেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে চান জ্যোতি। মঙ্গলবার জাপান থেকে ই-মেইলের মাধ্যমে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে টি-টোয়েন্টি থেকে সরে গেলেও ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারের।

 

জ্যোতি নেতৃত্ব ছাড়লে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নাহিদা আক্তারের নাম আলোচনায় আসতে পারে। আর সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন সোবহানা মোস্তারি।

 

২০২২ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন জ্যোতি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৮০টিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

অধিনায়ক হিসেবে ৮০ ম্যাচে জ্যোতির ব্যাট থেকে এসেছে ১ হাজার ৮৫১ রান। এই সময়ে তিনি ১৩টি অর্ধশতক পেয়েছেন। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার মোট রান ২ হাজার ৭০৯। ১৩টি ফিফটির পাশাপাশি রয়েছে একটি সেঞ্চুরিও।

 

জ্যোতির নেতৃত্বেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের এই ফরম্যাটে জয় পায় বাংলাদেশ নারী দল। অধিনায়ক হিসেবে এটিই তার অন্যতম বড় অর্জন।

 

তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিং ও নেতৃত্ব—দুই ক্ষেত্রেই কঠিন সময় পার করছেন জ্যোতি। সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। ওই আসরে চার ম্যাচে জ্যোতির ব্যাট থেকে আসে মাত্র ৫৬ রান। সর্বোচ্চ ২৩ রান করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে।

 

অধিনায়কত্বের সময় বিভিন্ন অভিযোগ ও সমালোচনারও মুখোমুখি হয়েছেন জ্যোতি। তার বিরুদ্ধে দলে ‘সিন্ডিকেট’ তৈরি এবং নিজের বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের হয়রানির অভিযোগও উঠেছিল। তবে এসব অভিযোগ নিয়ে জ্যোতির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এশিয়ান গেমস শেষে নারী দলের সামগ্রিক পারফরম্যান্স এবং জ্যোতির নেতৃত্ব নিয়ে পর্যালোচনায় বসার কথা জানিয়েছিল বিসিবি। এর আগেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার নিজের ইচ্ছার কথা বোর্ডকে জানালেন জ্যোতি।

এসআর

সম্পর্কিত খবর