[email protected] সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার পেছনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তকে দায়ী করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত দলটি না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তৎকালীন সরকারের সময়।

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে গত মার্চে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে কমিটি মনে করেছে, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী। একই সঙ্গে সে সময়ের সরকারকেও দায়ী করেন তিনি।

ফয়সাল দস্তগীর বলেন, বাংলাদেশের ওই বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল।

২২ পৃষ্ঠার প্রতিবেদনে মোট ১২ জনের সাক্ষাৎকার নেওয়ার তথ্য রয়েছে। তাদের মধ্যে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান এবং বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের বক্তব্য নেওয়া হয়।

এ ছাড়া বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের কোচ ও ওই সময়ে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তৎকালীন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের বক্তব্যও নেওয়া হয়। গণমাধ্যমকর্মীদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেয় কমিটি।

তবে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর