ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর আরও একটি দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে সময়ের হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়ে ১১ ওভার কম করেছিল দলটি। ম্যাচটিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড।
ওভাররেটের এই লঙ্ঘনের কারণে পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ১১ পয়েন্ট বাদ দেওয়া হয়েছে।
মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত ওভাররেটের চেয়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। তবে এ জরিমানার সর্বোচ্চ পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ।
অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তের ১৬.১১.২ ধারায় প্রতি কম করা ওভারের বিপরীতে দলের পয়েন্ট থেকে একটি করে পয়েন্ট বাদ দেওয়ার বিধান রয়েছে। সেই নিয়মেই পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
এই শাস্তির ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে পাকিস্তান। বর্তমানে ৪.৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে রয়েছে দলটি।
আগামী নভেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ও লাহোরে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে তারা।
এসআর