বাংলার ভাষা আন্দোলনের ইতিহাস এবার ফুটে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সিতে।
অমর একুশে ও ১৯৫২ সালের ভাষাশহীদদের স্মৃতিকে নকশার মূল ভাবনা হিসেবে রেখে জাতীয় দলের হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করা হয়েছে।
আজ আনুষ্ঠানিক এক আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের নতুন দুই কিট প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দেশীয় ক্রীড়াপোশাক ব্র্যান্ড ‘দৌড়’ নতুন জার্সি দুটির নকশা করেছে।
নতুন হোম জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা রং। কলার ও দুই পাশে লাল রঙের নকশার পাশাপাশি জার্সির কাপড়ে সূক্ষ্ম ওয়াটারমার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার বিভিন্ন শৈল্পিক রূপ। সামনের অংশে রয়েছে বাফুফের লোগো এবং লাল রঙের জার্সি নম্বর।
হোম কিটের সঙ্গে লাল শর্টস ও সাদা মোজা ব্যবহার করবেন জাতীয় দলের ফুটবলাররা।
অন্যদিকে অ্যাওয়ে কিটে বাংলাদেশের ঐতিহ্যবাহী লাল-সবুজ রঙকে গুরুত্ব দেওয়া হয়েছে। গাঢ় সবুজ জার্সির কাঁধে রয়েছে লাল স্ট্রাইপ। সামনের অংশের এমবসড নকশায় স্থান পেয়েছে বাংলা বর্ণমালার বিভিন্ন প্রতীক ও হরফের নান্দনিক উপস্থাপন।
অ্যাওয়ে জার্সিতে লোগো ও নম্বর রাখা হয়েছে সাদা রঙে। এর সঙ্গে থাকছে সবুজ শর্টস ও সবুজ মোজা।
নতুন এই কিটে একদিকে যেমন বাংলাদেশের ফুটবল ঐতিহ্য তুলে ধরা হয়েছে, অন্যদিকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও বাংলা বর্ণমালার প্রতি শ্রদ্ধার বিষয়টিও নকশার মাধ্যমে প্রকাশ পেয়েছে।
এসআর