আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিতে আর মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে।
দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।
মেসি জানান, অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টানা তার জন্য অত্যন্ত আবেগঘন ও কষ্টের। তবে বর্তমান পরিস্থিতিতে এটিই সঠিক সময় বলে মনে করছেন তিনি।
জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও স্মরণ করেন আর্জেন্টিনার এই তারকা। শুধু সাম্প্রতিক বছরগুলোর সাফল্য নয়, ক্যারিয়ারের শুরু থেকেই আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের দায়বদ্ধতা ও ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করার চেষ্টা করেছেন বলেও জানান।
দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলার পর এখন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সময় এসেছে বলে মনে করছেন মেসি। তরুণ ও প্রতিভাবান অনেক ফুটবলার এখন আর্জেন্টিনা দলে জায়গা করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন—তাদেরও সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, গত ২০ বছর মাঠে তাদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। গ্যালারি থেকে সমর্থকদের উচ্ছ্বাসের সেই মুহূর্তগুলো ভবিষ্যতে খুব মনে পড়বে বলেও আবেগ প্রকাশ করেন তিনি। তবে অবসর নিলেও দলের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে।
নিজের পরিবার, কোচ, সতীর্থ ও দলের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তাদের সঙ্গে কাটানো সময় এবং অর্জন করা স্মৃতিগুলোকে নিজের জীবনের অন্যতম সেরা অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা জয়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ ক্যারিয়ার নানা উত্থান-পতনে ভরা। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার কঠিন সময়ও পেরিয়েছেন তিনি।
মেসি জানান, সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের বহু কাঙ্ক্ষিত কিছু মুহূর্ত উপহার দিতে পেরেই তিনি তৃপ্ত। গর্ব ও শান্তি নিয়েই জাতীয় দলকে বিদায় জানাতে চান আর্জেন্টাইন অধিনায়ক।
পোস্টের শেষদিকে নিজের দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন মেসি।
তিনি জানান, ফাইনালের দুই দিন পর ২১ জুলাই অবসরের সিদ্ধান্তের বিষয়টি লিখেছিলেন। পরে বাবাকে ঘিরে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনার পর নিজের সিদ্ধান্ত নিয়ে আরও দৃঢ় হয়েছেন বলেও উল্লেখ করেন আর্জেন্টাইন তারকা।
এসআর