[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

৯ ম্যাচে ৩৮ গোল মেসির, যাদের বিপক্ষে করেছেন কীর্তি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ৭:২৬ পিএম

সংগৃহীত ছবি

বয়স ৩৯-এর কাছাকাছি হলেও গোল করার ধার কমেনি লিওনেল মেসির।

মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চার গোল করে আবারও নিজের অসাধারণ সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

 

পেশাদার ক্যারিয়ারে মেসির পরিসংখ্যানও তার দক্ষতার বড় প্রমাণ। ১ হাজার ১৭১ ম্যাচে তার গোলসংখ্যা ৯২৭টি। এর মধ্যে হ্যাটট্রিক রয়েছে ৬২টি। বার্সেলোনার হয়ে ৪৮টি, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ১১টি এবং ইন্টার মায়ামির হয়ে তিনটি হ্যাটট্রিক করেছেন তিনি।

 

মেসির গোল করার ধরন বিশ্লেষণ করলেও চমকপ্রদ কিছু তথ্য পাওয়া যায়। ১ হাজার ১৭১ ম্যাচের মধ্যে ৫৬০ ম্যাচে গোল করতে পারেননি তিনি। ৩৬৬ ম্যাচে করেছেন একটি করে গোল, ১৮৩ ম্যাচে জোড়া গোল এবং ৫৩ ম্যাচে অন্তত তিনটি গোল করেছেন।

 

এর বাইরে সাতটি ম্যাচে চার গোল এবং দুটি ম্যাচে পাঁচ গোল করার কীর্তিও রয়েছে তার। অর্থাৎ এক ম্যাচে তিন বা তার বেশি গোল করা মেসির ক্যারিয়ারে বিরল কোনো ঘটনা নয়।

 

চার বা তার বেশি গোলের ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায়, এমন কীর্তি তিনি মোট নয়বার করেছেন। আর এসব ম্যাচে প্রতিপক্ষ ছিল—

 

আর্সেনাল: ২০১০ সালের চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেন মেসি। এটি ছিল তার বড় গোল-উৎসবের অন্যতম স্মরণীয় ঘটনা।

 

ভ্যালেন্সিয়া: ২০১২ সালের ফেব্রুয়ারিতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে চারবার জালে বল পাঠান তিনি।

 

বায়ার লেভারকুসেন: একই বছরের মার্চে চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে একাই করেন পাঁচ গোল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখনো এটি অনন্য এক কীর্তি।

 

এস্পানিওল: ২০১২ সালের মে মাসে এস্পানিওলের বিপক্ষে চার গোল করেন মেসি। ফলে এক ক্যালেন্ডার বছরে তিনবার চার বা তার বেশি গোল করার নজির গড়েন তিনি।

 

ওসাসুনা: ২০১৩ সালে ওসাসুনার বিপক্ষেও এক ম্যাচে চার গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

 

এইবার: ২০১৭ সালে এইবারের বিপক্ষে চার গোল করার পর ২০২০ সালেও একই দলের বিপক্ষে চারবার গোল করেন মেসি।

 

এস্তোনিয়া: জাতীয় দলের হয়ে ২০২২ সালের ৫ জুন প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করেন তিনি। জাতীয় দলের জার্সিতে এটিই তার অন্যতম সেরা গোল-উৎসব।

 

মেসির হ্যাটট্রিকের তালিকাতেও বেশ কিছু প্রতিপক্ষের নাম বারবার এসেছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে চারবার হ্যাটট্রিক করেছেন তিনি। আতলেতিকো মাদ্রিদ, এস্পানিওল, দেপোর্তিভো লা করুনিয়া ও ওসাসুনার বিপক্ষেও তিনটি করে হ্যাটট্রিক রয়েছে তার।

জাতীয় দলের হয়ে মেসি সুইজারল্যান্ড, ব্রাজিল, গুয়াতেমালা, পানামা, ইকুয়েডর, হাইতি, বলিভিয়া, এস্তোনিয়া, কুরাসাও ও আলজেরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন।

সব মিলিয়ে বয়স বাড়লেও গোলের সামনে মেসির ধার যে এখনো অটুট, তার পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ।

এসআর

সম্পর্কিত খবর