[email protected] বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

সিপিএলে নতুন ঠিকানা মিরাজের, গায়ানার জার্সিতে মাঠে নামবেন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার নতুন সুযোগ পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আসরের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ নিজেই। এক পোস্টে তিনি জানান, গায়ানার হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি।

দলের সঙ্গে যোগ দিতে শিগগিরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারের।

গায়ানা দলে মিরাজের সতীর্থ হিসেবে থাকবেন গ্লেন ফিলিপস, শাই হোপ, শিমরন হেটমায়ার, মোহাম্মদ নবী, রোমারিও শেফার্ড ও শামার জোসেফের মতো পরিচিত ক্রিকেটাররা। দলটির নেতৃত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ইমরান তাহির।

 

চলতি সিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে দলটি। গ্রুপ পর্বে তাদের আরও সাতটি ম্যাচ খেলার কথা রয়েছে।

 

সিপিএলে মিরাজের অংশগ্রহণ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। তবে ওই আসরে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেলেন এই অলরাউন্ডার।

 

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ত সময় কাটাচ্ছেন মিরাজ। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন তিনি এবং তার দল গল গ্ল্যাডিয়েটর্স আসরের শিরোপাও জিতেছে। এর আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের সঙ্গেও যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার।

 

এবার গায়ানার হয়ে সিপিএলে মিরাজ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।

এসআর

সম্পর্কিত খবর