[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

ক্যারিয়ারসেরা বোলিংয়ের পেছনের রহস্য জানালেন শরিফুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ৯:৫০ পিএম

সংগৃহীত ছবি

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল ইসলাম।

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাই অস্ট্রেলিয়ায় গিয়ে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পান তিনি। সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিং করে টেস্ট ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন এই বাঁহাতি পেসার।


ম্যাকাইয়ে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। এর মধ্যে মাত্র ৩৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন শরিফুল। ১৪তম টেস্টে এসে এটি তার প্রথম পাঁচ উইকেটের কীর্তি।


নিজের সাফল্যের পেছনে অস্ট্রেলিয়ার পেসারদের বোলিং পর্যবেক্ষণের কথা জানিয়েছেন শরিফুল। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বোলাররা কোন লেংথে বল করে বাড়তি সুবিধা পাচ্ছেন, সেটি খেয়াল করেছিলেন। পরে একই কৌশল কাজে লাগানোর চেষ্টা করেন।


বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ৬৪ রানে শেষ করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ১২ রান দিয়ে ৬ উইকেট নেন, আর প্যাট কামিন্স পান তিনটি। তাদের বোলিং থেকেও শেখার চেষ্টা করেছেন শরিফুল।


নতুন বলের সুইংকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া যেমন বাংলাদেশকে দ্রুত অলআউট করেছে, তেমনি শরিফুলও পরের ইনিংসে এই সুবিধা কাজে লাগাতে চান। তার মতে, ম্যাচের শুরুতে প্রায় ২০-২৫ ওভার পর্যন্ত বল বেশ ভালোভাবে সুইং করেছে।


নিজের প্রথম পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি প্রকাশ করে শরিফুল বলেন, কৃতিত্বের জন্য প্রথমে আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তবে শুধু ব্যক্তিগত অর্জনে তিনি সন্তুষ্ট নন; বাংলাদেশ ম্যাচ জিতলেই তার আনন্দ পূর্ণ হবে।


একই ম্যাচে স্টার্কের ছয় উইকেট পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন শরিফুল। অস্ট্রেলিয়ান এই পেসারের বোলিং তার পছন্দের বলেও জানান তিনি। দেশের মধ্যে মোস্তাফিজুর রহমানকে আদর্শ মানলেও সুইং বোলিংয়ের জন্য স্টার্ককেও পছন্দ করেন শরিফুল।

এসআর

সম্পর্কিত খবর