[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

ম্যাকাই টেস্টে ভয়াবহ ব্যাটিং ধস, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ১০:২৯ এএম

সংগৃহীত ছবি

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাই টেস্টে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে মাত্র কয়েক ওভারেই বড় বিপর্যয়ে পড়ে সফরকারীরা।


বিশেষ করে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডার কার্যত ভেঙে পড়ে। নিজের প্রথম ২২ বলেই পাঁচটি উইকেট তুলে নিয়ে তিনি টাইগারদের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন।


ইনিংসের ৬.৪ ওভারেই ১২ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এই স্পেলে স্টার্ক চার ওভার বোলিং করে তিনটি মেডেনসহ মাত্র চার রান খরচ করেন এবং পাঁচ উইকেটের দেখা পান। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও মাত্র ১৫ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।


বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচে ফেরান অস্ট্রেলিয়া। এরপর স্টার্কের করা পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরেন। তিনজনই কোনো রান করতে পারেননি।


এরপর মুমিনুল হক ৯ রান করে স্টার্কের শিকার হন। লিটন দাসও পাঁচ বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই ফিরে যান।


প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান। ক্রিজে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।


ম্যাকাই টেস্টের একাদশে বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ছয় উইকেট নেওয়া শরিফুল ইসলাম চোট কাটিয়ে দলে ফিরেছেন। তার জায়গা হয়েছে ইবাদত হোসেনের পরিবর্তে।


বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


অস্ট্রেলিয়া একাদশ: ট্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

এসআর

সম্পর্কিত খবর